বাংলাদেশে জ্বালানি সরবরাহ জোরদার করতে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে নতুন করে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। নিয়মিত চুক্তির আওতায় এই জ্বালানি এসেছে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে।
ডিপো সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনের মাধ্যমে ডিজেলটি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়। পরে শুক্রবার সকাল ৮টার দিকে এসব ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সংরক্ষণ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলাগুলোতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই জ্বালানি সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ডিজেলচালিত যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতেও এটি সহায়ক হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৭ সালের ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। চলতি বছর পর্যন্ত এই চুক্তির আওতায় মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি ব্যয় সাশ্রয়ী এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করে, যা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।