বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে দেশের শীর্ষ সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ মোট আটজন সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররাও বৈঠকে অংশ নেন।
আলোচনায় গভর্নর ব্যাংকিং খাতে চলমান সংস্কার উদ্যোগ, সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা, খেলাপি ঋণ হ্রাস, দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপনা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সম্পাদক পরিষদের নেতৃবৃন্দও ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। বৈঠকে অংশগ্রহণকারীরা দেশের ব্যাংকিং ব্যবস্থার টেকসই উন্নয়নে গণমাধ্যম ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আর্থিক খাতের উন্নয়ন, জবাবদিহিতা এবং জনআস্থা বৃদ্ধির বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।