সিলেটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনসভার আগের রাত থেকেই নগরীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে হাজারো নেতা-কর্মী এসে অবস্থান নিয়েছেন নির্ধারিত জনসভাস্থলে। গভীর রাত পর্যন্ত চলছে স্লোগান, মিছিল ও দলীয় গান।
জনসভাকে ঘিরে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মধ্যরাত থেকেই জমে উঠেছে জনসমাগম। কখনো ধানের শীষ, কখনো বিএনপি, আবার কখনো তারেক রহমানের নামে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। খণ্ড খণ্ড মিছিল মাঠে প্রবেশ করছে, আর নেতারা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতি তদারকে।
সরেজমিনে দেখা গেছে, মাঠে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ অবস্থান নিয়েছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যাও বাড়ছে। শীত উপেক্ষা করে শামিয়ানার নিচে ত্রিপল বিছিয়ে বসে আছেন দূরদূরান্ত থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকেরা। কেউ কেউ চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, আবার অনেকে স্লোগানে স্লোগানে মাঠ মুখর করে তুলছেন।
সুনামগঞ্জের শাল্লা উপজেলা থেকে আসা বিএনপি নেতা সাইফুর রহমান বলেন, আগে শেখ হাসিনার আমলে বিএনপির সভা-সমাবেশ করতে গেলে পুলিশ ধরপাকড় করত। লুকিয়ে জনসভায় আসতে হতো। অনেক বছর পর এবার কোনো বাধা ছাড়াই জনসভায় এলাম। অনেক দিন পর লিডারকে দেখতে পাব—এটা ভাবতেই ভালো লাগছে।
মাঠে থাকা বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভা শুরু হবে। এ কারণে দূরবর্তী এলাকা থেকে নেতা-কর্মীরা আগেই সিলেট নগরে এসে পৌঁছেছেন। কেউ হোটেলে, কেউ আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছেন, আবার অনেকে সরাসরি মাঠেই রাত কাটাচ্ছেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান সিলেট সফর করেছিলেন। দীর্ঘ ২০ বছর পর তিনি আবার সিলেটে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন। অতীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে সিলেটে প্রথম জনসভা করতেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, যেহেতু সকালে জনসভা, তাই আগের রাতেই দূরের নেতা-কর্মীদের জনসভাস্থলে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী অনেকেই এসে মাঠে অবস্থান নিয়েছেন। তাঁদের জন্য শামিয়ানা টানিয়ে রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছে।