আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই বোনাস হস্তান্তর কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রশাসকগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিচ্ছন্নতা কর্মীদের সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “একটি সুস্থ ও সুন্দর নগরী গড়ে তোলার পেছনে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অনস্বীকার্য। রোদ-বৃষ্টি ও উৎসবের দিনেও নাগরিক সেবা সচল রাখতে তারা নিরলস পরিশ্রম করেন।”
বক্তব্যে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, উন্নত চিকিৎসা সুবিধা এবং টেকসই জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন দীর্ঘমেয়াদি উদ্যোগের কথা উল্লেখ করেন। একই সাথে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিভিন্ন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসক এবং পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর হাত থেকে ঈদের বিশেষ এই উপহার পেয়ে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে আনন্দের হাওয়া বইছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।