বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতালিব এস. এম. সুলিমান সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিবিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিবিয়া সরকারকে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি, বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মী নিয়োগের সাম্প্রতিক উদ্যোগকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এ সময় লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন কারণে আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য লিবিয়া কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প এবং জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা আরও শক্তিশালী করতে বাংলাদেশ–লিবিয়া যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।