আগামী ১৮ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে। পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যুক্ত করে ১৮ মার্চকেও ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবার ঈদুল ফিতরকে ঘিরে মোট সাত দিনের কার্যত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত, প্রশাসনিক কার্যক্রম সমন্বয় এবং সামগ্রিক প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে অতিরিক্ত এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কর্মজীবী মানুষেরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য বাড়তি সময় পাবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ছুটির কারণে রাজধানীসহ বড় শহরগুলো থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রামের বাড়িতে ফিরবেন। এ সময় সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ বৃদ্ধি পেতে পারে। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এবারের ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। বিস্তারিত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।