বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পর নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন খবর সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতে PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয় নামে একটি অফিশিয়াল ফেসবুক পেজ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
নতুন সরকারের প্রথম কার্যদিবসেই এই ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব বিবেচনায় রেখে জনগণের কাছে দ্রুত এবং সঠিক তথ্য পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পেজে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর প্রতিদিনের রাষ্ট্রীয় কর্মসূচির তথ্য নিয়মিত প্রকাশ করা হবে।
পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে প্রধানমন্ত্রীর একটি ছবি নির্বাচন করা হয়েছে। প্রশাসন আশা করছে এটি সরকারের কার্যক্রমের স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং গুজব ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া হয়। পূর্ণাঙ্গ সাংবিধানিক সরকার হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করার পরেই বিভিন্ন ডিজিটাল যোগাযোগ মাধ্যমেও পরিবর্তন আনা শুরু হয়।
আগামীদিনে সরকারের নীতি-নির্ধারণী সব খবর এই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এর ফলে জনগণ সরাসরি সরকার-সংক্রান্ত আপডেট পেতে পারবে এবং ভুল তথ্যের প্রাদুর্ভাব কমবে বলে মনে করা হচ্ছে।