দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও সততার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন।
শনিবার দুপুরে রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম ও পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সেবাগ্রহণ প্রক্রিয়া ঘুরে দেখেন। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী বলেন, সাধারণ জনগণ থানায় আসে ন্যায়বিচার ও সেবা পাওয়ার আশায়। তাই পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।
একইসঙ্গে তিনি রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, থানায় কোনো দালাল চক্রের উপস্থিতি থাকলে তা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতি বা দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শন শেষে তিনি আশা প্রকাশ করেন, পুলিশ সদস্যরা আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে।