বাংলাদেশ জামায়াতে ইসলামি ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতারা সশরীরে উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় শুরু হওয়া এ বৈঠকে নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা অংশ নেন। কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে নতুন দায়িত্বশীলদের নির্বাচন করেন এবং শপথ পাঠ করান।
নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল
নতুন কমিটিতে চারজন নায়েবে আমির মনোনীত হয়েছেন। তারা হলেন— এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)।
সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল পদে সাতজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাহী পরিষদে অন্যান্যদের মধ্যে রয়েছেন— আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।
কেন্দ্রীয় কর্মপরিষদ ও শূরা
নতুন করে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছেন। এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে ৫৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে ১৭ জন নারী।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন
দলের ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মা’ছুম। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।
অঞ্চলভিত্তিক দায়িত্ব বণ্টন
সারা দেশে ১৪টি অঞ্চলে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। রংপুর-দিনাজপুর অঞ্চলে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চলে এটিএম আজহারুল ইসলাম এমপি, রাজশাহী অঞ্চলে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কুষ্টিয়া-যশোর অঞ্চলে মোবারক হোসাইন এবং খুলনা অঞ্চলে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি।
এছাড়া বরিশাল অঞ্চলে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চলে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরীতে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চলে সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা দক্ষিণ অঞ্চলে আবদুর রব, ফরিদপুর অঞ্চলে ড. হামিদুর রহমান আযাদ, সিলেট অঞ্চলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে মাওলানা এটিএম মা’ছুম এবং চট্টগ্রাম অঞ্চলে মাওলানা মুহাম্মাদ শাহজাহান দায়িত্ব পেয়েছেন।
নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে আগামী তিন বছরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলীয় নেতারা।