বৈশ্বিক চাপ সামাল দিতে নতুন সিদ্ধান্ত, সন্ধ্যার পর বন্ধ মার্কেট

admin
By admin
2 Min Read

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বৈশ্বিক অস্থিরতার প্রভাব মোকাবিলায় সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকিং কার্যক্রম শেষ হবে বিকেল ৩টায়, আর ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়।

এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবারের দোকান এবং ওষুধের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নিয়মের বাইরে থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ সময়ের মধ্যে নতুন গাড়ি, জাহাজ বা বিমান কেনা বন্ধ থাকবে। পাশাপাশি কম্পিউটারসহ নতুন যন্ত্রপাতি ক্রয়েও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ আপাতত বন্ধ রাখা হয়েছে। সভা-সেমিনারের ব্যয়ও ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা না করার আহ্বান জানানো হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমাতে বলা হয়েছে।

শিক্ষা খাতেও নতুন দিকনির্দেশনা আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে নির্দেশনা দেবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব না পড়ে।

পরিবহন খাতে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে স্কুল শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে নতুন বাস আমদানি করতে পারবে। বেসরকারি খাতেও এই সুবিধা থাকছে, তবে সেক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

এদিকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকেও আমদানি বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *