পবিত্র ও ফজিলতপূর্ণ রাত শবে বরাত আগামী ৩ ফেব্রুয়ারি পালিত হবে। আজ ২০ জানুয়ারি বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ২১ জানুয়ারি থেকে পবিত্র শাবান মাসের গণনা শুরু হবে বলে সংশ্লিষ্ট ধর্মীয় সূত্রগুলো জানিয়েছে।
ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতেই শবে বরাত পালন করা হয়। এ রাত মুসলমানদের কাছে ক্ষমা, রহমত ও নাজাতের রাত হিসেবে বিশেষ মর্যাদাপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং আগামী এক বছরের রিজিক, জীবন-মৃত্যু ও ভাগ্যসংক্রান্ত বিষয় নির্ধারণ করেন।
শবে বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। পাশাপাশি অনেকে কবর জিয়ারত করেন এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে দান-সদকা বিতরণ করে থাকেন।
আলেম ও ইসলামি চিন্তাবিদরা জানান, শাবান মাস মূলত পবিত্র রমজানের প্রস্তুতির মাস। এই মাসে বেশি বেশি ইবাদত, আত্মশুদ্ধি ও নৈতিক জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শবে বরাতকে কেন্দ্র করে হিংসা-বিদ্বেষ পরিহার, পরস্পরের প্রতি ক্ষমাশীল হওয়া এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।